বাজারে যে সাবানের দাম ৬০ টাকা তা কেনা হয়েছে ৮৯ টাকায়। একইভাবে তিন লিটারের এক কনটেইনার ফিনাইলের (জীবাণুনাশক তরল) দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা। অথচ এই কনটেইনারের বাজারদর ২০০ টাকা।
কেনাকাটায় এমন অসঙ্গতির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় রোগীদের কাছ থেকেও নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকা। ওষুধের মজুতেও আছে গরমিল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে উঠে এসেছে অনিয়মের এমন চিত্র।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় অস্বাভাবিক দামের তথ্য সামনে আসার পর হাসপাতালের সেবা ও কেনাকাটার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর আগে ২০২৫ সালের কেনাকাটায় প্রায় ২৪ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় দুদকের তদন্ত এখনো চলমান। এক বছরের ব্যবধানে আবারও হাসপাতালের কেনাকাটা ও সেবার নানা অনিয়মের চিত্র সামনে আসায় প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবারের অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবার পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা। পরে রোগী ও তাঁদের স্বজনদের বক্তব্য নেন এবং সংশ্লিষ্ট রেজিস্টার, রসিদ বই ও অন্যান্য নথিপত্র যাচাই করেন।
অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তিনি আগে থেকে দুদকের অভিযানের বিষয়ে জানতেন না। বেলা আড়াইটার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার পর অভিযানের খবর পান। পরে দুদকের একজন কর্মকর্তা তাঁর সঙ্গে ফোনে কথা বলেন।
হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শাহজাহান বলেন, ‘অবশ্যই আমরা আরও সতর্ক হব। আমরা প্রতিদিন দুই-চারজনকে শোকজ দিই। অনেকের বেতনও বন্ধ আছে। শুধু এইটা না, অনেক কিছুই, ব্যবস্থা তো নিচ্ছি। আমরা অনিয়ম বন্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছি।’

নেওয়া হচ্ছিল বাড়তি টাকা
দুদকের অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান রোগীদের কাছ থেকে প্রতিটি পরীক্ষার জন্য ৮০ টাকা করে নেন। তবে অনেক রোগীকে কোনো রসিদ দেওয়া হয় না। টাকা নেওয়ার হিসাব ছোট ছোট সাদা কাগজে টোকেন হিসেবে লিখে রাখা হয়। পরে দিন শেষে নিজের সুবিধামতো রসিদ বই ও রেজিস্টারে কিছু রোগীর নাম অন্তর্ভুক্ত করা হয়।
গতকাল বুধবার দুদকের কর্মকর্তারা হাফিজুর রহমানের ড্রয়ার তল্লাশি করে রসিদ বই উদ্ধার করা হয়। রসিদ বইয়ের মুড়ির অংশে তথ্য থাকলেও গ্রাহকের অংশ রোগীদের দেওয়া হয়নি বলে অভিযানে উঠে আসে।
দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করান। অথচ রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম লেখা হয়। বাকি রোগীদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব সরকারি নথিতে অন্তর্ভুক্ত না করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্ডিওগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
ইকো পরীক্ষার ক্ষেত্রেও সরকারি ফির বাইরে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছে দুদক। সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা। কিন্তু সাধারণ রোগীদের পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে দুই থেকে চার দিন পর। অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে তাৎক্ষণিক পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে রোগীদের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযান চলাকালে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন দুদকের কর্মকর্তারা।
ওষুধের হিসাবেও গরমিল
হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরে মজুত যাচাই করেও অসংগতি পেয়েছে দুদক। ১৩৮ নম্বর বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায়, ২১ নভেম্বর পর্যন্ত হিসাব হালনাগাদ করা হয়েছে। এরপর প্রতিদিনের হিসাব প্রতিদিন না লিখে তিন-চার দিন পরপর রেজিস্টার হালনাগাদ করা হচ্ছে।
কয়েকটি ওষুধের বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের হিসাব মিলিয়ে দেখা হলে পার্থক্য পাওয়া যায়। এর মধ্যে মন্টিলুকাস্ট ওষুধের স্টক রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ রয়েছে। কিন্তু সরেজমিনে গণনা করে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি রয়েছে।
হাসপাতালের কেন্দ্রীয় স্টোরেও একই ধরনের অসংগতি পাওয়া গেছে। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে কয়েক ধরনের ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের পার্থক্য পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে স্টোর কিপার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

২৪ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ
হাসপাতালটির কেনাকাটায় অনিয়মের অভিযোগ নতুন নয়। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ২৪ কোটি টাকার কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর কয়েকজন নেতা দাবি করেছিলেন, ওই কেনাকাটায় চার কোটি টাকার বেশি অর্থ লোপাট হয়েছে। তাঁদের অভিযোগ ছিল, এর মধ্যে সোয়া দুই কোটি টাকা ভাগাভাগি হয়েছে হাসপাতালের তৎকালীন পরিচালক মো. মাসুদ পারভেজ ও ড্যাবের কুমিল্লা জেলা শাখার সভাপতি এম এম হাসানের মধ্যে।
ওই বছরের ২১ সেপ্টেম্বর হাসপাতালের সম্মেলনকক্ষে কেনাকাটা নিয়ে একটি প্রতিবাদ সভা হয়। সেখানে ড্যাবের কুমিল্লা মহানগর শাখার তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হায়দার অনিয়মের অভিযোগ তোলেন। পরদিন ২২ সেপ্টেম্বর ড্যাবের কেন্দ্রীয় কমিটি কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কমিটির কার্যক্রম স্থগিত করে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসেনি।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেছিলেন ড্যাবের তৎকালীন জেলা সভাপতি এম এম হাসান। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের পদে থাকা এম এম হাসান প্রথম আলোকে তিনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’। কেনাকাটার কাজ তিনটি ধাপে হয়েছে এবং তিনি একটি ধাপে যুক্ত ছিলেন বলে দাবি করেছিলেন তিনি। অভিযোগের তদন্ত করার পক্ষেও মত দিয়েছিলেন তিনি।
পরে ওই কেনাকাটার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে দুদক। আজ বৃহস্পতিবার এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে আমরা গত বছরও অভিযান পরিচালনা করেছি। সেটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

নিয়মিত তদারকির অভাব
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় বলেন, একটি-দুটি পণ্যের ক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে একই ধরনের অনিয়মের অভিযোগকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। তাঁর মতে, এসব ঘটনা ইচ্ছাকৃত অনিয়মের সন্দেহ তৈরি করে।
বৃহস্পতিবার দুপুরে নিখিল চন্দ্র বলেন, গতকাল এক দিনের কয়েক ঘণ্টার অভিযানে যদি এত অনিয়মের চিত্র সামনে আসে, তাহলে ধারাবাহিকভাবে অভিযান চালালে আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে। শুধু দুদকের অভিযানের ওপর নির্ভর করলে হবে না। হাসপাতালের দায়িত্বে থাকা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে জবাবদিহির বোধ তৈরি হবে।
দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, বুধবারের অভিযানে সেবাপ্রত্যাশীদের নানাভাবে হয়রানি ও অনিয়মের চিত্র সামনে এসেছে। কয়েকটি বিষয়ে নথিপত্র চাওয়া হলে হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো জমা দিতে সময় চেয়েছেন। এসব নথি সংগ্রহ ও পর্যালোচনার পর কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
সরকারি হাসপাতালে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাজমুস সাদাত।





















