রাজধানীর পুরান ঢাকায় এক যুবলীগ নেতাকে ফল ও পনির খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই যুবলীগ নেতাকে আটক করেন নয়ন ও তার অনুসারীরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার চকবাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পুরান ঢাকার চকবাজার এলাকায় ওই যুবলীগ নেতাকে আটক করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। পুলিশে সোপর্দ করার আগে ওই নেতাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পনির ও ফল খাওয়ানো হয়।
ফল ও পনির খাওয়ানোর ভিডিও যুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নয়ন বলেন, ‘খবর পেলাম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছে। সাথে সাথে ছুটে গিয়ে হাতেনাতে ধরে ফেলি। ধরার পর তাকে ফল খাইয়ে কেন নাশকতা করার চেষ্টা করছে জানতে চাইলাম। বুঝিয়ে বললাম- যে ফেলে রেখে চলে গেছে তার কথায় আর নৈরাজ্য সৃষ্টি করবেন না।’
তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘একদল সুশীল ও সমালোচকরা অপপ্রচার করেন- আমি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করি। যদিও আমার সাথে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের পালিত প্রশাসন নিষ্ঠুর আচরণ করত এরা তখন নিষ্ঠুর ছিল। এখন তাদের বিবেক বেশ জাগ্রত। যাই হোক- নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো রকম নাশকতার চেষ্টা করলে তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন এলাকা থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশে সোপর্দ করেছিলেন রবিউল ইসলাম নয়ন।
নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরে এভাবে আপ্যায়ন করে পুলিশে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

















