সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে স্বল্পোন্নত দেশের (এলডিসি) অসামান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) জেনেভায় আয়োজিত অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন।
এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে দেওয়া হয় ‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বিশেষ স্বীকৃতির জন্য প্রতিষ্ঠান নির্বাচন করে। এই স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, বিনিয়োগকারীদের সহায়তা জোরদার এবং বিনিয়োগসংক্রান্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম সহজ ও কার্যকর করার উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে।
বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দিতে ইনভেস্ট বাংলাদেশ ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সংস্কার কার্যক্রম এতে গুরুত্ব পেয়েছে। ২০২৫ সালে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়ার আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়।
এর মধ্যে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ উল্লেখযোগ্য। অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়।
এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাবনাময় বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয়। সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এদিকে কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত ইনভেস্ট বাংলাদেশের অধীনে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ওয়াইপার বিচারকমণ্ডলী বিশেষভাবে বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’-এর উদ্যোগের প্রশংসা করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আমাদের সংস্কার উদ্যোগগুলোতে সমর্থন দেওয়ার জন্য সরকার ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিনিয়োগকারীদের আরও সহজে, দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে ইনভেস্ট বাংলাদেশের যারা প্রতিদিন কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই স্বীকৃতি সবার সম্মিলিত প্রচেষ্টার অর্জন।
’ সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।























