ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ—সব ক্ষেত্রেই জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে সক্রিয় রয়েছে সাইবার প্রতারকরা। অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছে অর্থ চাওয়া, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া কিংবা ক্ষতিকর লিংক পাঠানোর মতো নানা প্রতারণা ঘটাচ্ছে তারা।
তাই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সন্দেহ দেখা দিলে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। হ্যাক হওয়ার লক্ষণ : নিজের অজান্তে পরিচিতদের কাছে বার্তা চলে যাওয়া, না পড়লেও বার্তা পঠিত দেখানো, হঠাৎ ভেরিফিকেশন কোড আসা কিংবা প্রোফাইলের তথ্য পরিবর্তন হয়ে যাওয়া অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকার লক্ষণ হতে পারে। এ ছাড়া অপরিচিত কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট যুক্ত থাকার বিষয়টিও সতর্কতার সংকেত।
যেভাবে ফিরে পাবেন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ হ্যাক হলে প্রথমেই নিজের ফোন নম্বর দিয়ে আবার লগইন করতে হবে। এসএমএস বা কলের মাধ্যমে পাওয়া ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড প্রবেশ করালে অন্য ডিভাইসে চালু থাকা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। তবে এই কোড কখনো অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না। এরপর অন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা ফোনকলের মাধ্যমে বন্ধু ও স্বজনদের জানিয়ে দিন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
কেউ যেন আপনার পরিচয়ে টাকা পাঠালে বা অপরিচিত লিংকে ক্লিক করলে প্রতারিত না হন, সে বিষয়ে সতর্ক করুন। নিরাপত্তায় চালু করুন টু-স্টেপ ভেরিফিকেশন: ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ‘ টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করা জরুরি। এজন্য সেটিং থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন নির্বাচন করে একটি পিন সেট করতে হবে।





















