হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী ও চা-বাগান এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আনসার-ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাধবপুর উপজেলা আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য হিরো, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কান্তি পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব এবং সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরীসহ অনেকে।
সভায় সীমান্তবর্তী তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া বৈকুণ্ঠপুর ও জগদীশপুর চা-বাগান এলাকায় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় পূজা উদযাপন কমিটির নেতা স্বরজিত বলেন, পূজাকে কেন্দ্র করে তেলিয়াপাড়া এলাকার চা-বাগানগুলোতে মাদকের ছড়াছড়ি বেড়ে যায়।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সভায় জানানো হয়, এবার মাধবপুর উপজেলায় ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি মদ্যপান থেকে বিরত রাখতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।





















