বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। এর মাত্র চার দিন আগে গোয়ার এক অনুষ্ঠানে জীবনের শেষ প্রকাশ্য উপস্থিতিতে নিজের মৃত্যু নিয়ে করেছিলেন এক তাৎপর্যপূর্ণ মন্তব্য।
গত রোববার (৪ অক্টোবর) গোয়ার দোনা পাওলায় তাজ সিদাদে দে গোয়ায় সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। সেখানেই বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, জীবনের শেষ পরিণতি একদিন সবারই হবে। নানা বলেন, ‘আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমি জানি না, আগামীকাল আমি এখানে থাকব কি না। ’ এরপর নিজের জীবন নিয়ে আরও একটি প্রশ্নের কথা বলেন এই অভিনেতা।
তার ভাষায়, ‘প্রত্যেক মানুষের জীবন শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু তার আগে আমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে আমি যা করতে চাই, তা কি করতে পারছি? ’ অনুষ্ঠানে নানা পাটেকর ভারতের সাবেক গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের প্রশংসাও করেন। বক্তব্যে তিনি পারিকরের কাজের ধরন ও রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। এর চার দিন পরই আসে নানার মৃত্যুর খবর।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নানার মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছাপ্পান’, ‘রাজনীতি’সহ অসংখ্য সিনেমায় শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
গম্ভীর ও তীব্র চরিত্রের পাশাপাশি ‘ওয়েলকাম’ সিনেমার উদয় শেঠি চরিত্রে ভিন্নধর্মী অভিনয়েও ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকর। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য তিনি ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।






















