বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম থমকে রয়েছে প্রায় তিন বছর ধরে। শিক্ষক সংকট দূর করতে চলতি অক্টোবর মাসের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা জাতীয় সংসদে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তবে অক্টোবর মাসেও এ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। প্রথমবারের মতো এ নিয়োগ নিয়ে ব্যস্ত সময় পার করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
ফলে এ মুহূর্তে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই। সূত্রের তথ্য বলছে, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর বিষয়ে পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ফলে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধন বা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি।
এ ছাড়া এই নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেই কাজগুলো শেষ করতেও বেশ সময় লেগে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯তম বা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ভাইভার নম্বর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভাইভার নম্বর বৃদ্ধি করতে হলে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে।
ফলে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিছুটা সময় লেগে যাবে। চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভাবনা নেই। তবে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা আসলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।






















