প্রতিটি বাড়িতে আগের দিনে সব ফার্নিচার কাঠের ছিল, এখন কাঠ না হলেও প্লাইউডের আছে। আপনার ঘরে সৌন্দর্য বাড়াতে এবং ট্র্যাডিশনাল ফিল আনতে হলে উডেন ফার্নিচার ব্যবহার করতেই পারেন। কিন্তু প্রতিদিনের ব্যবহারের ফলে ও ঠিকমতো পরিচর্যার অভাবে কাঠের জিনিসে অনেক দাগছোপ পড়ে।
অনেক ক্ষেত্রে সেটা পুরোনো দেখতে লাগে। সঠিক যতœ নিলে বেশ অনেক বছর আপনি কাঠের জিনিস ভালো রাখতে পারবেন। খুব সহজেই, কয়েকটা সহজ ঘরোয়া উপায়ে পেয়ে যান দাগমুক্ত কাঠের ফার্নিচার। ১. প্রথমে শুরু করা যাক কাঠের ডাইনিং টেবিল দিয়ে। নিয়মিত ডাস্টিং করুন যাতে ধুলো না জমে। এই বেসিক রুটিন ছাড়াও সব সময় টেবিল ম্যাটের এবং কোস্টার ব্যবহার করুন।
টেবিলে জলের দাগ হয়ে থাকলে বা স্পট পড়ে থাকলে, তার উপরে একটা নরম কাপড়ে মেয়োনিজ দিয়ে মুছে নিন। এক ঘণ্টা পরে জল দিয়ে আবার জায়গাটাকে মুছে নিলেই দাগ উঠে গিয়ে, টেবিল চকচকে দেখাবে। ২. অলিভ অয়েল এবং লেবুর রসের মিশ্রণ দিয়ে সপ্তাহে অন্তত একবার কাঠের টেবিল মুছলে দেখতে গ্লসি লাগবে। ৩. গরম খাবার রাখার কারণে টেবিলে সাদা হিট স্টেন দেখা যায়।
এই ক্ষেত্রে ব্যবহার করুন কিছুটা টুথপেস্ট এবং বেকিং সোডা। ভালো করে স্টেনের ওপরে হালকা ঘষে লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ পরে তুলে নিন। কয়েক বার এই মিশ্রণ ব্যবহার করলে সাদা ভাব অনেকটা কমে যাবে। ৪. যেকোনো পুরোনো কাঠের জিনিসের প্রধানতম সমস্যা হচ্ছেÑ পোকা ধরা। এই সমস্যার মোকাবিলায় পোকা মারার স্প্রে ব্যবহার করুন বা কোনো প্রফেশনালের সাহায্য নিন।
প্রথমে পুরোনো খবরের কাগজ পেতে ভালো করে ডাস্টিং করে নিন। যদি দেখেন বেশ অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত, তা হলে কাঠ কেটে বাদ দিয়ে নতুন কাঠ লাগিয়ে নিন। ৫. বাড়িতে পুরনো কাঠের আলমারির ড্রয়ার খুলতে অসুবিধা হলে তার চারপাশে মোম ঘষে দিন। খুলতে সুবিধা হবে। ৬. শৌখিন উডেন ফ্লোরে অবশ্যই পাপোস ব্যবহার করুন। ভারি কিছু জোরে টানবেন না বা হাই হিল পরে উডেন ফ্লোরে হাঁটবেন না।
এর ফলে ফ্লোরে স্ক্র্যাচ পড়তে পারে। ফ্লোর মোছার করার জন্যে শুধু পরিষ্কার শুকনো নরম কাপড় ব্যবহার করুন। কুইক টিপস ১. কাঠের ফ্লোরের দাগ বা স্ক্র্যাচ তুলতে জলে বেকিং সোডা মিশিয়ে, একটা নরম কাপড় দিয়ে মুছে নিন। ২. এক কাপ নারিকেল তেলে কিছুটা কর্পূরের গুঁড়া মিশিয়ে কাঠের ফার্নিচারের কোনায় দিয়ে দিন। এতে পোকামাকড় কম আসবে। ৩. বাঁশের ফার্নিচার লবণ-জল দিয়ে মুছলে সেটা আরও বেশি চকচকে দেখতে লাগবে।





















