চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের নীরবতার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নবম দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে রাষ্ট্রীয় প্রশাসনের কোনো রকম পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদ স্বরূপ আজকের এই কালো পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল।
বুধবার পৌনে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন, যা প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক ধরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান ‘সায়েম স্যার স্যায়েম, স্যার ভিসি স্যার ভিসি স্যার’, ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘গীফ ব্যাক, সায়েম স্যার’, ‘প্রশাসন অন্ধ কেন, জবাব চাই জবাব চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদির মাধ্যমে তাদের প্রতিবাদ জানায়।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, আমরা গত ৮ দিন যাবত চুয়েটে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে, প্রশাসনের কাছ থেকে আমার সাড়া পাওয়া যাচ্ছে না বা তারা কোন পদক্ষেপ নিচ্ছে না, এর প্রতিবাদে আমরা আজ দুপুরে কালো কাপড় চোখে বেঁধে প্রশাসনে এ নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।



















