কক্সবাজারে সমকাল সুহৃদ কক্সবাজার জেলা আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়।
তুমুল যুক্তিতর্কের লড়াই শেষে রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রানারআপ হয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা নন্দিতা বড়ুয়া ফ্লোরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সুহৃদ সদস্য মোহাম্মদ রিফাতের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সদস্য মিজবাউল করিম। উদ্বোধনী বক্তব্য দেন সুহৃদ কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী এবং সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শাহাজাহান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এস আই রায়হান। টাইম কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন সুহৃদ সদস্য গোলাম রহমান মানিক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মোহাম্মদ আলম, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ এবং এডুন্যাশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও কক্সিয়ান এক্সপ্রেসের সাধারণ সম্পাদক রবিউল করিম আকাশ।
প্রতিযোগিতায় অংশ নেয় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান— বাঁকখালী উচ্চ বিদ্যালয়, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, চাকমারকুল উচ্চ বিদ্যালয়, মনছুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়, ফিউচার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার ডিবেট স্কুল, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় এবং মো. ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়। প্রাথমিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা শেষে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়।
দলগুলো হলো— রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, মো. ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে ওঠে বাঁকখালী উচ্চ বিদ্যালয় ও মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার।
’ বিষয়ে পক্ষে অবস্থান নেয় মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা এবং বিপক্ষে অবস্থান নেয় বাঁকখালী উচ্চ বিদ্যালয়। পক্ষে বিতর্কে অংশ নেন মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার দলনেতা মোবারক হোসাইন, প্রথম বক্তা জান্নাতুল আরফিন ও দ্বিতীয় বক্তা রাশেদা খানম। বিপক্ষে অংশ নেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের দলনেতা নন্দিতা বড়ুয়া ফ্লোরা, প্রথম বক্তা আওসাফ মোস্তফা জাবেদ, দ্বিতীয় বক্তা সাফওয়ানুল ইসলাম সানিধ এবং সহযোগী আবেশ বড়ুয়া।
চূড়ান্ত পর্বের যুক্তিতর্ক শেষে বিচারকদের মূল্যায়নে বাঁকখালী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রানারআপ হয়। সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের দলনেতা নন্দিতা বড়ুয়া ফ্লোরা প্রতিযোগিতার সেরা বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে প্রধান ও বিশেষ অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী দলের বিতার্কিকরা পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন ও পরিচালনায় সুহৃদ কক্সবাজার জেলার সদস্য আমান উল্লাহ, রামিম বিন আহমদ সাফিন, মোহাম্মদ মোর্শেদ, আশরাফুল নূর লাবিব, মোনতাদা আলম যায়দি, নাহিম চৌধুরী, আব্দুল্লাহ নূর শাহিন, কলিম উল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য দায়িত্ব পালন করেন।



















