ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)-এর আওতায় ব্যবসা উন্নয়ন ও পরিচালনা বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে মোটিভেশনাল আলোচনা করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ব্যবসা পরিচালনা, ব্যবসার উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন, দক্ষতা বৃদ্ধি ও সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন মোহাম্মদ হোসেন শান্তি। পাশাপাশি কর্মজীবনে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রান্তিক পেশাজীবীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আধুনিক ব্যাবসায়িক ধারণা, পরিকল্পনা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের পেশা ও ব্যবসাকে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় দেশের ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আর্থিক অনুদানের মাধ্যমে এসব জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই জীবনমান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থাও চালু করা হয়েছে।



















