বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মিয়ানমার ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধস হতে পারে।
এছাড়া, অন্য আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফলে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






















