জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের এজেন্ট জে শ্যাক্টার। তবে সেসময় তিনি মৃত্যুর কারণ প্রকাশ করেননি।
এক শোকবার্তায় এজেন্ট জে শ্যাক্টার বলেন, ‘হ্যাসকিন্সের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’ তিনি আরও জানান, ডেনিস তাঁর ভক্তদের ভীষণ ভালোবাসতেন। ভক্তদের জন্য তাঁর সময় ও ভালোবাসার কোনো কমতি ছিল না।
ডেনিস হ্যাসকিন্স ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চলা ‘সেভড বাই দ্য বেল’ সিরিজে নিয়মিত অভিনয় করেছেন। এ ছাড়া ‘গুড মর্নিং, মিস ব্লিস’ ও ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ সিরিজেও তাঁকে একই চরিত্রে দেখা গেছে।
সেভড বাই দ্য বেল সিরিজে তাঁর একটি সংলাপ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যেখানে ছাত্রদের শৃঙ্খলাবদ্ধ করতে গিয়ে তিনি প্রায়ই বলতেন, ‘হেই, হেই, হেই, এখানে কী হচ্ছে?’
টেলিভিশন ছাড়াও ডেনিস হ্যাসকিন্স বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘অ্যাবস্ট্রুজ’, ‘আ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট’, ‘আ বেনেট সং হলিডে’, ‘ট্রেলার পার্ক শার্ক’, ‘জেনিফার ফলস’ প্রভৃতি উল্লেখযোগ্য।





















