প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবতার নিরিখে কাজ করছে সরকার। দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে উল্লেখ করে সামগ্রিক পরিস্থিতি ও বাংলাদেশের মানুষের প্রতি ইতিবাচক মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।






















