সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য পোশাক, জুতা ও স্কুল ব্যাগ জেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে এই সামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে এলেই সুবিধাজনক সময়ে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এই উপহারগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। জানা গেছে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পোশাক, জুতা ও স্কুল ব্যাগ প্রদান করা হবে। এই কার্যক্রমের জন্য বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে এসব সামগ্রী পৌঁছে যেতে শুরু করেছে।
এর অংশ হিসেবে গতকাল বুধবার প্রথম চালানে জেলার ১৩ উপজেলার জন্য বিনা মূল্যে মোট ৫ হাজার ৫৫৫টি স্কুল ব্যাগ, ৫ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম এবং ১ হাজার ৮০৮ জন শিক্ষার্থীর জন্য জুতা এসেছে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এই মালামালগুলো একজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বগুড়ায় আনা হয়েছে। সামগ্রীগুলো নিরাপদে সংরক্ষণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইতোমধ্যে দুটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, আসা সামগ্রীগুলো বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর দেশব্যাপী উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পূর্বনির্ধারিত বিদ্যালয়গুলোতে এসব সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হবে।
পর্যায়ক্রমে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে।



















