কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি মতিবর ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকায় সংঘটিত এ ঘটনায় ঢুষমারা থানায় লিখিত অভিযোগ জমা দিলে মামলাটি নথিভুক্ত করা হয়। খবরটি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠান।
পরীক্ষায় কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবার আইনি পদক্ষেপ নেয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পরিবারকে আইনি ব্যবস্থা নিতে বাধা প্রদান করেন। কিশোরীর মামা জানান, আমরা প্রধান অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
একইসঙ্গে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়া ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ জানান, ঘটনার খবর পেয়ে ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্ত মতিবর ফকিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















