দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।




















