আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই আইনজীবীদের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইন পেশা কেবল জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি একটি মহৎ, মর্যাদাপূর্ণ এবং জনসেবামূলক পেশা। তাই নবীন আইনজীবীদের পেশাগত নীতি-নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ সমুন্নত রেখে মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। একজন আইনজীবীর দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করা। নবীন আইনজীবীদের কর্মপরিবেশের প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, আইনজীবীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের বিষয়টি তুলে ধরেছেন, যা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে এবং সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।



















