চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব এবং ব্যবসা-বাণিজ্যকে যুক্তরাজ্যে তুলে ধরতে আগামী ১ নভেম্বর ২০২৬ লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’।
উৎসব উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের নিউ রোডের তারা-তারে রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিং ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা ও মো. মাসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে মোহাম্মদ আলী রেজা উৎসবের প্রেস রিলিজ পাঠ করেন।
এতে জানানো হয়, এটি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; বরং যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর সম্মিলিত পরিচয়, ঐতিহ্য ও গৌরবের উৎসব। নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকরা জানান, উৎসবটি চট্টগ্রামের ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্যও একটি কার্যকর নেটওয়ার্কিং ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
একই সঙ্গে যুক্তরাজ্যে কার্যরত চট্টগ্রামভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতে চট্টগ্রাম উৎসবকে আরও বৃহৎ পরিসরে উন্মুক্ত মাঠে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, লোকসংস্কৃতি ও অন্যান্য ঐতিহ্যবাহী উপাদানকে উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হবে।
সাংবাদিক সম্মেলনে বক্তারা যুক্তরাজ্যের সকল চট্টগ্রামভিত্তিক সংগঠন, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন, আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, ইঞ্জিনিয়ার মো. আলমগীর, সলিসিটর জাগির আলম, সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা, মো. মাসুদুর রহমান, রায়হান চৌধুরী টিটু, আনন্দ বড়ুয়া, এম. আলিম উল্লাহ রাহাতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, সন্দ্বীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, ব্রিটিশ বাংলাদেশি ফোরাম, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং চট্টগ্রাম কমিউনিটি কেন্টের প্রতিনিধিরাও অংশ নেন।
সাংবাদিক সম্মেলন শেষে চট্টগ্রাম উৎসব কমিটির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সহযোগী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের আশা, সম্মিলিত উদ্যোগ ও ঐক্যের মাধ্যমে চট্টগ্রাম উৎসব ২০২৬ যুক্তরাজ্যে চট্টগ্রামবাসীর অন্যতম মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজন হয়ে উঠবে।




















