পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগের সহ-সভাপতি জামাল হোসেন এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে তথ্য অধিকার আইনের আওতায় সংশ্লিষ্ট তথ্য চেয়ে আবেদনও করেন। অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে জামাল হোসেন ও মজিবুর রহমান আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জামাল হোসেন। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়ন পরিষদের সব কাজ নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকেই বিভ্রান্তি ছড়াতে এই জিডি করা হয়েছে। ” অভিযোগকারী আনিছুর রহমান বলেন, অভিযুক্তদের ধারাবাহিক হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ২১ সেপ্টেম্বর বাউফল থানায় জিডি নং-১০৫০ দায়ের করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















