পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, সবচেয়ে বেশি বঞ্চিত মানুষের কাছেই সরকারের সহায়তা সবার আগে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং নারীর আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা বৃত্তির পাশাপাশি আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। এছাড়া ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















