আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফিরে কারাবাসসহ যেকোনো ধরনের আইনি পরিণতির মুখোমুখি হতেও তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শেখ হাসিনা। তবে দেশে ফেরার সুনির্দিষ্ট পদ্ধতি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনা এনডিটিভিকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এবং আইনি কাঠামোর মধ্যেই তিনি দেশে ফিরতে চান।
তবে বিষয়টি কীভাবে হবে—এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।
শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তবে নিজের বিরুদ্ধে হওয়া বিচারপ্রক্রিয়াকে অন্যায্য বলে দাবি করেছেন তিনি। দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে সরকারি বা গোপন কোনো যোগাযোগ হয়েছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নেরও মুখোমুখি হন শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।



















