ঢাকাসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। মিছিলটি পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছুই করতে পারবেন না। আপনারা গুপ্তভাবে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, সেসব কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্য আমাদের কাছে আছে। এর বিচার এক দিন হবে।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস সাত্তার, এমদাদুল হক মাসুদ, এমদাদুল হক ভুলু, মো. এরফান উদ্দীন মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শামসুল আলম সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার দাবি করা হয়।


















