প্রেম, আত্মত্যাগ এবং ভালোবাসার মানুষের সমকক্ষ হওয়ার এক অদম্য আকাক্সক্ষার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘সমান সমান’। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারের পর থেকেই নাটকটি দর্শকদের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির গল্প এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্স নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণের এই গল্পে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন। ‘সমান সমান’ নাটকের মূল গল্পটি গড়ে উঠেছে রতন ও শিউলি নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে।
শিউলি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। সব পরিস্থিতি জেনেও শিউলিকে বিয়ে করতে রাজি হয় এক ভিন্ন ব্যক্তি। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন শিউলির বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে যায়। শিউলিকে মনে-প্রাণে ভালোবাসে রতন। শিউলির ভালোবাসায় রতন এতটাই বুঁদ যে শিউলির সামাজিক বা শারীরিক অবস্থানের সমান হতে সে নিজের জীবনের পরোয়াও করে না।
ভালোবাসার মানুষের ‘সমান সমান’ যোগ্যতা বা অবস্থান পাওয়ার জন্য রতন এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যায়Ñ সে চলন্ত গাড়ির নিচে পা দিতে ছুটে যায়! এই তীব্র আবেগ, মানসিক দ্বন্দ্ব আর আত্মত্যাগের এক করুণ রসাত্মক সমীকরণ নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি। নাটকটিতে রতন চরিত্রে শ্যামল মাওলার অভিনয় বরাবরের মতোই ছিল জীবন্ত ও সাবলীল।
একরোখা ও প্রেমিক যুবকের আকুলতা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, শিউলি চরিত্রে নিশা চৌধুরীর অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। তাদের দুজনের অনস্ক্রিন রসায়ন নাটকটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। শ্যামল-নিশা ছাড়াও নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম এবং শিশুশিল্পী কথা ও কিষাণসহ অনেকে।
প্রত্যেকের পরিমিত অভিনয় নাটকটিকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলেছে। এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নাটকটি অবমুক্ত হওয়ার পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে। অনেক দর্শক মন্তব্য করেছেন, ‘অনেক দিন পর এত সুন্দর এবং আবেগময় একটা গল্পের নাটক দেখলাম। ’ কেউ কেউ আবার শ্যামল মাওলার ব্যতিক্রমী অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘চরিত্রের গভীরতা শ্যামল মাওলা যেভাবে ফুটিয়ে তোলেন, তা সত্যিই অসাধারণ।


















