বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজার আনন্দকে দ্বিগুণ করতে আসছে নতুন একটি উৎসবের গান। এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা এবং ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আকাশ সেন জুটি বেঁধে নিয়ে আসছেন তাদের নতুন মৌলিক গান ‘বাজে ঢোল’।
দুর্গাপূজার আমেজ, আনন্দ আর ঢাকের তালের মেলবন্ধনে তৈরি এই গান উৎসবের দিনগুলোয় শ্রোতাদের মাঝে দারুণ এক উন্মাদনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ‘বাজে ঢোল’ গানের কথা লিখেছেন গীতিকার রফিক মাহমুদ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক এন ফরহাদ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, ‘দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। ‘বাজে ঢোল’ গানটির কথা ও সুর একেবারে অন্য রকম। আকাশ সেনের সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। আশা করি, শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে। ’ কণ্ঠশিল্পী আকাশ সেন বলেন, ‘পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, ‘বাজে ঢোল’ ঠিক তেমনি একটি জমজমাট গান।
এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি, আমাদের দুজনের এই গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে। ’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা সামনে রেখে খুব শিগগির মিউজিক ভিডিওসহ গানটি এপিটি মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে। পূজার দিনগুলোয় প্যান্ডেলে প্যান্ডেলে ‘বাজে ঢোল’-এর তালে মেতে উঠবে আপামর বাঙালিÑ এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই।


















