নাটোরের গুরুদাসপুরে প্রকৃতির বুকে ছড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্যের নিদর্শন। এ যেন এক শাপলার রাজ্য। বর্ষাকাল এলেই গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের রশিদপুর অথৈই জলরাশির চাকলবিলের চারদিক জলাভূমিতে ফুটে ওঠে হাজারো শাপলা ফুল।
সকালবেলার নরম রোদে যখন শাপলাগুলো মাথা তুলে দাঁড়ায়, তখন লাল, সাদা ও গোলাপি রঙের সমারোহে চারদিক যেন রঙিন চাদরে ঢেকে যায়। স্থানীয় কৃষক, খোকন আলী বলেন, শাপলা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি তাদের জীবনেরও অংশ। কেউ শাপলা তুলে বাজারে বিক্রি করেন, কেউ আবার এর ডাঁটা রান্না করে পরিবারের খাদ্য তালিকায় রাখেন। কিন্তু এর মাঝেই সবচেয়ে মনোমুগ্ধকর দিক হলো অসংখ্য মানুষ দূর-দূরান্ত থেকে এখানে এসে শাপলার সৌন্দর্য উপভোগ করেন, ছবি তোলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এই প্রাকৃতিক সৌন্দর্যের শোভা। উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের শাপলা তুলতে আসা যুবক, হৃদয় আলী ও ইমন আহমেদ বলেন, চারপাশের গ্রামগুলোতে এখন যেন উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা দেখতে মানুষ ভিড় জমায়। প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের কাছে এটি এখন এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। শাপলার এই সৌন্দর্য প্রতিটি ভ্রমণ প্রেমীদের মন রাঙিয়ে দেয় ও প্রকৃতির সঙ্গে মিতালী করলে তা সর্বোচ্চ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা।



















