যশোরের অভয়নগরে ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাজ্জাদ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিল ওই কিশোরী।
পথে সাজ্জাদসহ আরও দুই ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাকে যশোর কোতোয়ালি থানার পালবাড়ি এলাকায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে সাজ্জাদ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে কিশোরী। পরিবার সূত্রে জানা যায়, সাজ্জাদ পেশায় ট্রাকচালক এবং তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা এলাকায়। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল।
কিশোরীর দাদির পরিচালিত নোয়াপাড়ার একটি খাবারের হোটেলে তিনি প্রায়ই আসতেন এবং সেখানে খেতেন। ঘটনার বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে কিশোরীকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা হয়েছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


















