সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার প্রভাবেই তেলের বাজারে এই দরপতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। এর আগে শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালায় হুথিরা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির রাজধানী রিয়াদ এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে।




















