অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত প্রবেশনারি অফিসারদের ১০০তম ও ১০১তম ব্যাচের ‘ফাউন্ডেশন কোর্সের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার এবিটিআইয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন এবং সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআইর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম। নবাগত অফিসারদের ৪৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পারসুমা আলম প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এ সময় তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয় এবং ১০০তম ও ১০১তম ব্যাচের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। গত ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফাউন্ডেশন কোর্সটি অনুষ্ঠিত হয়।
এতে মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৭৩ জন। অনুষ্ঠানের শেষে এবিটিআইর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।


















