দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাসহ দেশজুড়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম সকল পরিবহনের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং সতর্কবার্তা দিয়েছেন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতিসাধন, সহিংসতা কিংবা ভাঙচুর এড়াতে পরিবহন সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কোনো অবস্থাতেই গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সকল প্রকার যানবাহন বাধ্যতামূলকভাবে স্ব-স্ব ডিপো, নির্ধারিত গ্যারেজ, অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে।
দেশের সকল স্তরের পরিবহন মালিক ও শ্রমিকদের এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকরের আহ্বান জানিয়েছেন মালিক সমিতির নেতৃত্ব। সংগঠনের পক্ষে যৌথ স্বাক্ষরে এই প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো: জোবায়ের মাসুদ।


















