কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাটবল্টু খুলে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন আশিক মিয়া (৩০) নামে এক ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে রেললাইনের জয়েন্টের ১৪টি নাট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ২৬ নম্বর মেঘনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আশিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশিক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, রেললাইনের জয়েন্টের নাট খুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সেখানে আপ লাইনের এপ্রোন লাইনের ওপর থেকে আশিককে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা রেললাইনের জয়েন্টের ১৪টি নাট উদ্ধার করে জব্দ করা হয়। ওসি জানান, উদ্ধার হওয়া প্রতিটি নাটের দৈর্ঘ্য ৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ৯ দশমিক ১ কেজি। প্রতিটির আনুমানিক বাজারমূল্য ৬০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় আশিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি রফিকুল হাসান বলেন, রেললাইনের জয়েন্টের নাট খুলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


















