জয়পুরহাটের আক্কেলপুরে সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৯৫টি গরু বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে গরু তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে ‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গরু বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ (রানা), পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, সাবেক কমিশনার ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চাপল এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয় বাড়িয়ে স্বাবলম্বী হতে পারবেন।



















