রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পর মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী এবং রাতে বাবুবাজার, মগবাজার ও রামপুরায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে। সর্বশেষ রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি জানান। তিনি বলেন, বিটিভির বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই স্থানটি হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। পরে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। এর আগে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুনটি দুর্বৃত্তরা লাগিয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানার চেষ্টা চলছে। এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পরে বিস্তারিত জানানো হবে। এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর বলেন, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে তখনই নিশ্চিত করে বিস্তারিত বলা সম্ভব হয়নি। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, কেউ ওপর থেকে নিচে ককটেল ফেলেছে।
পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন। পুলিশের দল ঘটনাস্থলে কাজ করছে। তখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দিনের শুরুতেও রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
তবে সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ ঘটনাস্থলগুলোতে কাজ করছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।


















