বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী সাবিক জুবায়েদ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ৮টি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেয়।
বিতর্কে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গার্লস হাই স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, “শিক্ষার্থীরা বিজ্ঞান বিতর্কের বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করেছে।
এ ধরনের আয়োজন তাদের নতুন কিছু জানার আগ্রহ বাড়াবে। বিজ্ঞান ও প্রযুক্তির ভালো-মন্দ দুটি দিকই রয়েছে; এটি ইতিবাচক নাকি নেতিবাচক ভূমিকা রাখবে, তা নির্ভর করে ব্যবহারের ওপর। নিয়মিত এই আয়োজনের জন্য তিনি সমকালকে ধন্যবাদ জানান। ” প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মোহন সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান এবং কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ।
বিচারকমণ্ডলী তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য নিয়মিত বিতর্কচর্চা অত্যন্ত জরুরি। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেদের চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমন, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, রুপালী বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল মোমিন, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, আজকালের খবরের প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান ও ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমান প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার।



















