জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সকালে ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। নিহত সবুজ আলম বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, তরুণের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।



















