সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
এক স্ট্যাটাসে সালমা আক্তার লেখেন, ‘আমার আব্বা আর নেই। ’ সালমার বাবা ফজলুল হকের আকস্মিক এ বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঠিক কী কারণে তার বাবার মৃত্যু হয়েছে এবং কোথায়, কখন, জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। সম্প্রতি নতুন নতুন গান নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছিলেন সালমা আক্তার।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পায় তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল। এর পাশাপাশি সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি।
গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে। তা ছাড়া রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সাথে গাওয়া এই গানটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশ্যে আসার কথা ছিল।



















