মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কমিটি অন এস্টিমেটসের (Committee on Estimates) সদস্য হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন মো. মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে তিনি ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী পান ৫০ হাজার ২০৪ ভোট। নির্বাচনে বিজয়ের পর থেকেই তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।
নির্বাচনি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো, পথশিশুদের খাবার ও নতুন পোশাক বিতরণ, শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাকে সম্পৃক্ত থাকতে দেখা গেছে। এ ছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দিকনির্দেশনামূলক সভা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগও নিয়েছেন তিনি।
পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা এবং দৃষ্টিহীনদের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েও কাজ করছেন বলে জানানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সংসদ সদস্য হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শোনা এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর উদ্যোগ তার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। মৌলভীবাজার-৪ আসনটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।
এ এলাকার অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি ও চা শিল্পের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তার সদস্যপদ স্থানীয় কৃষি ও চা খাতের বিভিন্ন বিষয় সংসদীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। অন্যদিকে কমিটি অন এস্টিমেটসের সদস্য হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ব্যয়ের প্রাক্কলন নিয়ে সংসদীয় পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন তিনি।
দুটি সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় নির্বাচনি এলাকার উন্নয়ন, কৃষি ও চা শিল্পের স্বার্থ এবং জাতীয় পর্যায়ে জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


















