জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়দাপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াপা গ্রামের সাইদার মন্ডলের স্ত্রী তারা বেগম সাথে প্রতিবেশী রায়হানের স্ত্রী নাসরিন বেগম, মৃত আমের আলীর ছেলে জামান, মৃত মঞ্জিল উদ্দিনের ছেলে মোতালেব এবং তার ছেলে মো. রনির সাথে জমি-জমার বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানে আগেও গ্রাম্য সালিশ বসলেও কোনো সমাধান হয়নি। গত ১৪ সেপ্টেম্বর আবারও লাঠি-সোটা, হাঁসুয়া, রামদাসহ বিবাদীরা তারা বেগমের বাড়িতে প্রবেশ করে হামলা করে স্বর্ণের চেইন, নাকফুল ও তোষকের নিচ থেকে নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় ও প্রাণনাশের হুমকি দিয়ে দেয়। তারা বেগম এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ করেন। এ বিষয়ে বিবাদী জামান ও রনি বলেন, আমরা তাদের মারধর, স্বর্ণালংকার ও টাকাও লুট করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিষয়টি সমাধানে বৈঠকে বসা হয়েছিল উভয় পক্ষই উত্তেজনা সৃষ্টি করে চলে যায়। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















