ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হয়ে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে একটি অভিযানিক দল। সে সময় মালিকবিহীন অবস্থায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে আইল্যান্ডের মাঝখান থেকে অবৈধ মাদকদ্রব্য ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ঝিনাইদহের সদর থানায় নিয়মিত মামলা রুজুর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।



















