দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সংকট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আজকে এই অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে মূলত ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়নের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে, বিশেষভাবে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে এফবিসিসিআই, আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ ২১টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাও উপস্থিত ছিলেন।






















