গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীন দুটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, লতিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ‘নূর প্লাস্টিক’ নামে একটি কারখানা পরিচালিত হয়ে আসছিল। কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা নানা সমস্যায় পড়ছিলেন। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে নূর প্লাস্টিক কারখানাটির বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাশের আরেকটি কারখানায় ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিক তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। ওই কারখানাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটিকে জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। অভিযান শেষে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















