নেত্রকোণার বারহাট্টায় একটি ফার্মেসির তালা ভেঙে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলা হাসপাতাল রোডে অবস্থিত শহিদুর রহমান সেজুর মালিকানাধীন ‘বারহাট্টা মডেল ফার্মেসী’তে এই চুরি সংঘটিত হয়।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক চোর প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। সে দোকানে ঢুকেই একে একে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে। এর কিছুক্ষণ পর হাতে বস্তা নিয়ে দ্বিতীয় আরেক চোর ভেতরে ঢোকে এবং অবশিষ্ট ক্যামেরাগুলো ভেঙে ফেলে। ক্যামেরা নষ্ট করার পর তারা তাক থেকে বিপুল পরিমাণ দামি ওষুধ বস্তাবন্দি করে পালিয়ে যায়।
এতে ফার্মেসির তাকগুলো প্রায় খালি হয়ে গেছে। ব্যবসায়ী শহিদুর রহমান সেজু জানান, তিল তিল করে গড়ে তোলা এই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চোরেরা সিরাপজাতীয় আইটেম ছাড়া বেশির ভাগ মূল্যবান ওষুধই নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এক রাতেই তার বছরের পর বছরের বিনিয়োগ ও স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এ ঘটনায় তার ছেলে মো. ইফতেখার তানভীর খান বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা সদরের হাসপাতাল রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার কাজ চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।



















