মাদকের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় সিএনজিতে থাকা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জব্দ করা গাঁজাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















