উৎসাহ-উদ্দীপনা, প্রতিদ্বন্দ্বিতা আর ক্রীড়ামোদি দর্শকদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে শিল্পপ্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ আয়োজিত ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬।
গতকাল শনিবার রাজধানীর পূর্বাচলের অ্যাথলেট হাব ভেন্যুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকরা। জমজমাট ফাইনালে ছিল টানটান উত্তেজনা : টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ।
গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বের লড়াই শেষে ফাইনাল ম্যাচেও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে জমে ওঠে পুরো আয়োজন। মাঠের লড়াই উপভোগ করতে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ক্রীড়ামোদি দর্শকরা। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো ভেন্যু হয়ে ওঠে উৎসবমুখর। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী।
এ সময় ভাইয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দলগত চেতনা আরও শক্তিশালী করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১২ দলের অংশগ্রহণে তিন দিনের আয়োজন : এবারের ফুটসাল টুর্নামেন্টে ভাইয়া গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোট ১২টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলোÑ ভাইয়া টাইগার্স, ভাইয়া এলিট স্ট্রাইকার্স, পল্টন স্ট্রাইকার্স, ভাইয়া সিটিসি লিজেন্ড, কিংস অব ভাইয়া, বুলেট স্টর্ম, শাইনিং স্টার, ভাইয়া রাইডার্স এফসি, ভাইয়া ভাইকিংস, ভাইয়া টাইটানস, ভাইয়া আলফা স্কোয়াড এবং ভাইয়া রয়্যালস।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, নকআউট পর্ব এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলের মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে অংশ নেয় কিংস অব ফাইয়া এবং ভাইয়া টাইগারস, ভাইয়া টাইগার্স ৩-০ গোলে জয়ী হয়ে চাম্পিয়ন হয়। জমকালো উদ্বোধনে শুরু হয়েছিল টুর্নামেন্ট : এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’।
উদ্বোধন করেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান, চৌধুরী মাহমুদ আলীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মীদের জন্য সুস্থ বিনোদনের বার্তা : আয়োজকদের মতে, শুধু প্রতিযোগিতা নয়Ñ এ আয়োজনের অন্যতম লক্ষ্য হলো কর্মীদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব বাড়ানো।
একই সঙ্গে কর্মব্যস্ত জীবনে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। আনন্দ-উচ্ছ্বাস আর ক্রীড়ার সৌন্দর্যে শেষ হওয়া এ টুর্নামেন্ট ভাইয়া গ্রুপের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামে ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর।
তবে মাঠের এই আয়োজনের মধ্য দিয়ে যে সৌহার্দ্য ও দলগত বন্ধনের বার্তা ছড়িয়ে পড়েছে, সেটিই হয়ে থাকল এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় অর্জন।



















