পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) ও একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে পাঁচজন জেলে নদীতে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলার সময় হঠাৎ ট্রলারটির ওপর বজ্রপাত হয়। এতে ট্রলারে থাকা পাঁচ জেলেই আহত হন। পরে গুরুতর আহত ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহত অপর তিন জেলের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা দুই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আন নূরে জায়েদ বলেন, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর বিষয়টি শুনেছি।


















