‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর আলোচনায় আসা বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে ঢাকা বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএর চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞা। এর আগে চলতি বছরের ৭ মার্চ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাসুদ আলমকে সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল। একই আদেশে সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহকে পরিচালক (রোড সেফটি) পদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই বদলি আদেশ শেষ পর্যন্ত কার্যকর হয়নি। জারি হওয়ার পর রহস্যজনকভাবে সেটি বাতিল হয়ে যায়। কেন আদেশটি বাস্তবায়ন করা হয়নি বা বাতিল করা হয়েছিল, সে বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ নিয়ে সংস্থাটির কর্মকর্তাদের মধ্যেও নানা ধরনের আলোচনা রয়েছে। বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে যোগ দেওয়ার আগে মো. মাসুদ আলম খুলনা বিভাগীয় অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০২৪ সালের ২৫ মার্চ তিনি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে যোগ দেন। এরপর দুই বছরেরও বেশি সময় তিনি চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেছেন। এদিকে সাম্প্রতিক বদলি নিয়ে জানতে চাইলে বিআরটিএর সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং বর্তমানে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলে তিনি পরিচয় জেনে আর কোনো উত্তর দেননি।


















