নন্দিত অভিনেত্রী দিলারা জামান ৮৪ বছর বয়সেও নিয়মিত অভিনয় করে চলেছেন। ২২ বছর আগের একটি পুরোনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি অভিনেত্রী।
ভাইরাল হওয়া একটি পোস্টে দিলারা জামানের ছবি জুড়ে দিয়ে তার একটি বক্তব্য প্রচার করে লেখা হয়, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি। ’ পোস্টটি শেয়ার হওয়া মাত্রই তা নিয়ে তোলপাড় শুরু হয়।
তবে বিষয়টি শুনে বরং বিস্মিত ও বিরক্ত হয়েছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। কারণ, ছড়িয়ে পড়া এই ঘটনার সঙ্গে তার বর্তমান জীবনের কোনো সত্যতা নেই। দিলারা জামান রূপালী বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি ২০ বছর আগের; তবে হুট করে ভাইরাল হয়েছে। সেই বাড়ি বিক্রি করে দিয়েছি অনেক আগেই। বিষয়টি সামনে আসতেই সবাই অস্থির হয়ে গেছে। ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২০ বছর আগের।
সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি। এ নিয়ে আমি বিব্রত। ’ ছয় দশকের বেশি সময় ধরে অভিনয়জগৎ কাঁপানো এই একুশে পদকজয়ী অভিনেত্রী ৮৪ বছর বয়সেও কাজে নিয়মিত। তিনি চান আমৃত্যু অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে। ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু হয়।
এরপর বিটিভির কালজয়ী ধারাবাহিক ‘সকাল সন্ধ্যা’য় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।


















