আমার শহর, আমার দেশ পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ এই প্রত্যয় সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট-এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দুই শিক্ষাú্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি ব্যাংকের পরিচালকরা, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





















