চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় তিশা প্লাটিনাম বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৫৫)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ইসলাম (৪০) এবং চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলার আবু তাহেরের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)। এদের মধ্যে সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনামা পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীন ও আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















