অর্থপাচার ঠেকাতে উচ্চঝুঁকির বাণিজ্যিক লেনদেনে বাড়তি নজরদারি করা হবে। এজন্য চালু করা হবে কমন প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে ট্রেড-বেজড মানি লন্ডারিং বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে স্টিয়ারিং কমিটি গঠন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান ও সমন্বয় জোরদারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অস্বাভাবিক মূল্য নির্ধারণ, অগ্রিম অর্থ পরিশোধসহ বিভিন্ন বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়।
এছাড়া, আমদানি-রপ্তানি পণ্যের ঘোষিত মূল্য যাচাইয়ে বাণিজ্যিক প্যারামিটার, পণ্যের মান, উৎপত্তি, ফ্রেইট, বিমা এবং ইনভয়েস মূল্য বিবেচনায় নেওয়া হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, দর যাচাইয়ের ক্ষেত্রে তৈরি করা হবে অভিন্ন রেফারেন্স ও কমন ডেটাবেজ।


















